মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, পিকআপ আটক
হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দোকান থেকে সরকারি চাল অন্যত্র নেওয়ার অভিযোগে চালভর্তি একটি পিকআপ আটক করেছেন স্থানীয় লোকজন। ডিলার জাহাঙ্গীর ভূঁইয়া শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করা হয়। পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত রহমউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর ভূঁইয়া খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়া অভিযোগ করেন, জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন পিকআপটি আটক করেন। এদিকে চালভর্তি পিকআপ আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের কাছে আছি। এসে বিস্তারিত জানাব।”
স্থানীয় ইউপি সদস্য মন্নান মিয়া বলেন, “চাল আটকের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়ি আটক করে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। ১৫ টাকা কেজি দরে চাল পাওয়ার কার্ডধারীরা চাল না পেয়ে ফিরে যাচ্ছেন—এমন অভিযোগ রয়েছে। বাজারের পাহারাদার ও স্থানীয় জনতা পিকআপটি আটক করেছে।”
মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক বলেন, “ঘটনাস্থলে দুই খাদ্য পরিদর্শক পাঠিয়েছি।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”







