নবীগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৬’ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, ভেটানারী সার্জন আশিক মিয়া,ম্যাধমিক শিক্ষা অফিসার শাহ আলম, প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, পৌর আমির এমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা উত্তম রায়, ডাঃ হারুন রশীদ, তহশিলদার তোফাজ্জল হোসেন, সোহেল রানা, তুহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় আধুনিক ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও অটোমেটেড করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা অত্যন্ত সহজে এবং দ্রুততম সময়ে পাচ্ছেন। দালালের দৌরাত্ম্য ও ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়াই এই ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সুধীসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেবা সপ্তাহ চলাকালীন সময়ে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক বিভিন্ন সেবা প্রদান, অনলাইন আবেদনের বিষয়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে। যেকোনো নাগরিক কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্ধারিত বুথ থেকে তাদের প্রয়োজনীয় ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য সংগ্রহ করতে পারবেন







