জামাগঞ্জে চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষকের কারাদণ্ড
সুনামগঞ্জের জামালগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. তদবির আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় আদালত মো. তদবির আলমকে পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত সোমবার রাতে তাকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তদবির আলম এর আগেও বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন।
তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার এমপিও (মান্থলি পে-অর্ডার) সুবিধা স্থগিত রাখে বলে জানা গেছে।
জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চেক সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে পাঁচ মাসের সাজা দেওয়া হয়েছে।’







