আগুনে শেষ তিন ব্যবসায়ীর স্বপ্ন, মৌজপুর বাজারে ক্ষতি ২০ লাখ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ‘ইসলাম ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলার্স সম্পূর্ণ পুড়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, ইসলাম ট্রেডার্সে প্রায় ১০ লাখ এবং মুদি দোকানে ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া টেইলার্সের কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন মালামালও পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।







