প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ; ভবনে নেই সিসিটিভি
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকার ‘হাজী আব্দুর রহমান কমপ্লেক্স’-এর একটি কক্ষে প্রকাশ্য দিবালোকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে বহুতল ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা ভবনটির পঞ্চম তলার ৫০৮ নম্বর কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা নগদ ২ লাখ ১০ হাজার টাকা, জমি কেনার জন্য রাখা আরও প্রায় ৫ লাখ টাকা, একটি মোবাইল ফোন, পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাহেদ আহমদ ও তাঁর খালা হেলন বেগম।
ঘটনার খবর পেয়ে স্থানীয় একজন গণমাধ্যমকর্মী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভবন মালিকের খবরের ভিত্তিতে বড়লেখা থানার এসআই করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ভবনটিতে সিসিটিভি ক্যামেরা না থাকার বিষয়ে জানতে চাইলে ভবন মালিক প্রথমে এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি বলেন, ‘সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কাজের লোক পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও দাবি করেন, ভাড়াটিয়াদের ঘরে কাউকে না রেখে বাইরে না যাওয়ার জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে ভবনের কেয়ারটেকার বোবারতল এলাকার বাসিন্দা জামিল উদ্দিন জানান, ভুক্তভোগী নারী তাঁর সন্তানকে নিয়ে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। প্রায় ৩০ মিনিট পর তাঁরা বাসায় ফিরে আসেন। এই সময়ের মধ্যে তিনি ভবনে কোনো অপরিচিত ব্যক্তিকে উঠতে বা নামতে দেখেননি বলে জানান।
চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার বড়লেখা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’







