বার্মিংহামে স্পার্ক সিআইসি-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
প্রিন্ট করুন
মোহাম্মদ বিলাল বদরুল, যুক্তরাজ্য প্রতিনিধি
যুক্তরাজ্যের বার্মিংহামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন SPAARK CIC। কমিউনিটির মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্মিংহামের স্মল হিথের মিশটিদেশ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক Launch অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SPAARK CIC-এর ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি আবু নওশেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার মিস্টার সুজন দেবনাথ। এছাড়া বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নবনির্বাচিত কাউন্সিলর, SPAARK CIC-এর সদস্য, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে SPAARK CIC-এর লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নেতৃত্ব ও পরিচালনা কাঠামো সম্পর্কে অতিথিদের অবহিত করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয়।
সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস ডেয়ার। ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ, সেক্রেটারি আবু নওশেদ এবং ট্রেজারার হুমায়ুন কবিরসহ পাঁচজন কমিটি সদস্য সংগঠনের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন। এছাড়া সংগঠনের অ্যাডভাইজার হিসেবে রয়েছেন ফয়জুর রহমান চৌধুরী এমবিই এবং ড. মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কমিউনিটির মানুষের পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্পৃক্ততা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব অনেক বেশি। একটি সংগঠিত প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সামাজিক উন্নয়ন, জনকল্যাণ এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বক্তারা SPAARK CIC-এর ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নবনির্বাচিত কাউন্সিলররাও বক্তব্য রাখেন। তারা বার্মিংহামের বৃহত্তর কমিউনিটির স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সংগঠন ও কমিউনিটি প্রতিনিধিদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথি মিস্টার সুজন দেবনাথ SPAARK CIC-এর আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানান। তিনি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে কমিউনিটির কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ইতিবাচক, গঠনমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি বার্মিংহামের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে SPAARK CIC-এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ, কাউন্সিলর, সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, SPAARK CIC-এর এই নতুন যাত্রা ভবিষ্যতে বার্মিংহামের বৃহত্তর কমিউনিটির বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে। মানুষের পাশে দাঁড়ানো এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি আরও সংযুক্ত ও সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তুলতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।





