কোম্পানীগঞ্জে আশিক আলী হত্যা মামলার আসামি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জে নাতনিকে চড় মারার প্রতিবাদ করায় নানা আশিক আলীকে (৬৫) হত্যার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রোববার রাত সাড়ে ৮টায় সিলেটের এমসি কলেজ রোডের মাদানীবাগ এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম হোসেন আলী ওরফে বতুল্লাহ (৪০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশিক আলীর পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৮ অক্টোবর দুপুর ১২টার দিকে আশিক আলীর নাতনি মনিশা আক্তার (১০) নদীতে গোসল করতে যাওয়ার পথে প্রতিপক্ষের দুদু মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার প্রতিবাদ ও জানতে চাইলে মারুফ আহমদকে ছুরিকাঘাত করে আহত করা হয়।
গালিগালাজ শুনে আশিক আলী এগিয়ে এলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আশিক আলীর সহধর্মিণী রহিমা বেগম কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।







