মাধবপুরে ডাকাতি মামলার দুই ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতি মামলার দুই পলাতক আসামিসহ মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হরষপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল (২৪) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে আরিয়ান আহমেদ রিফাত (২২)। পুলিশ জানায়, মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে সংঘটিত একটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি তারা।
অপরদিকে, একই রাতে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুছকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. সোয়েল রানা জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।







