দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তার সম্মাননা পেলেন নবীগঞ্জের লিটন মিয়া

জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন মিয়া। ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ থেকে ১৮ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ জন্য বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে তাঁদের দক্ষতা যাচাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে লিটন মিয়া বলেন, এর আগেও তিনি জাতীয় পর্যায়ে একবার দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। এবারের স্বীকৃতি তাঁকে তৃণমূল মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, সহজ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে। এ অর্জনে শুরু থেকে যাঁরা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবা সম্প্রসারণ ও মানোন্নয়নে তাঁর এ অর্জন নবীগঞ্জের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






