বান্দরবানে শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন দক্ষিণ সুরমার জামিল আহমদ
বান্দরবান জেলা পুলিশের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়ন পরিষদের পুরান তেতলী (বড়বাড়ি) গ্রামের কৃতি সন্তান জামিল আহমদ । আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাগত অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনসেবায় আরও অধিক সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে নির্দেশ দেন।
সম্মাননা প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই অর্জন তাঁর দায়িত্ববোধ ও কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। তিনি বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।







