হাওর ও নদী রক্ষা আন্দোলন কুলঞ্জ ইউনিয়ন কমিটি গঠন: সভাপতি এমরান, সম্পাদক মাহদী
হাওর, নদী, কৃষিজমি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে পরিবেশ আন্দোলন জোরদারের প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট আংশিক ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মওলানা এমরান উদ্দিনকে সভাপতি, মোঃ মাহদী হাসানকে সাধারণ সম্পাদক ও মোঃ এমরান আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মিলনগঞ্জ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, হাওর ও নদী দিরাই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ অঞ্চলের কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবন-জীবিকা হাওর, নদী-খাল ও জলাভূমির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই এসব প্রাকৃতিক সম্পদ রক্ষা করা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, বরং স্থানীয় মানুষের অস্তিত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত।
বক্তারা বলেন, দখল-দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, নদী-খালের স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সংগঠিত হতে হবে। তাঁরা নদী-খাল দখল ও দূষণ বন্ধ, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, কৃষিজমি ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শুধু সভা-সমাবেশ কিংবা আলোচনা করে হাওর-নদী রক্ষা করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ধারাবাহিক সামাজিক আন্দোলন, জনসম্পৃক্ততা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ। ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে এ আন্দোলন ছড়িয়ে দিতে হবে।
সম্মেলনে কুলঞ্জ ইউনিয়নের হাওর, নদী ও জলাশয়কেন্দ্রিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় জনগণের অংশগ্রহণে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন, দায়িত্বশীল ও সংগঠিত সামাজিক শক্তি গড়ে তোলা। কুলঞ্জ ইউনিয়নে কমিটি গঠনের মধ্য দিয়ে এ আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাওর বাঁচলে, বাঁচবে কৃষক, নদী বাঁচলে, বাঁচবে জেলে এ স্লোগানকে সামনে রেখে হাওর, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।







