নৈতিক শিক্ষার অভাবে সমাজে বাড়ছে বিশৃঙ্খলা ও অস্থিরতা: প্রফেসর মাহবুব ইলাহী
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ইলাহী বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে বিশৃঙ্খলা, রাহাজানি, হানাহানি ও অশান্তির ঘটনা বাড়ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার প্রসার ঘটলেও নৈতিকতার যথাযথ বিকাশ হচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা বড় ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের অনেকেই উচ্চশিক্ষিত। এটি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটি বড় ত্রুটি। তাই একটি আদর্শ ও নৈতিকতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বহুধা বিভক্ত। কোথাও পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আবার কোথাও শুধু ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সিলেট নগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করছে, যা আশাব্যঞ্জক।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ব্রাইট টিচিং হোম আয়োজিত ‘ব্রাইট মেধা অন্বেষণ ও মেধাবৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাইট টিচিং হোমের পরিচালক কে বি এম মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ টি এম মাহবুব ইলাহী অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের ইচ্ছা ও আগ্রহকে উপেক্ষা করে তাদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিলে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তাই সন্তানদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে না দিয়ে তাদের আগ্রহ, সামর্থ্য ও অভিভাবকদের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতার ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করতে পারলে সফলতা অর্জন সহজ হয়।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দিতে হবে। আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে পাঠদানের মানসিকতা থাকতে হবে। একজন শিক্ষকের যথাযথ স্বীকৃতি ও অনুপ্রেরণা শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমাজে অপসংস্কৃতির অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, জন্মদিন ও বিবাহবার্ষিকীর মতো আনন্দঘন উপলক্ষগুলোতে নতুনত্ব আনা যেতে পারে। শুধু কেক কাটার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বই উপহার দেওয়ার মতো সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা উচিত। এতে মানুষের মধ্যে জ্ঞানচর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের এমন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে, যেখানে রাহাজানি, হানাহানি ও অশান্তির কোনো স্থান থাকবে না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) যে আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূল্যবোধ আমাদের জীবনে ধারণ করতে হবে। একটি আদর্শ জাতি ও সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বর্তমান যুগ সম্ভাবনার যুগ। মানুষের মস্তিষ্কে কী প্রতিভা ও সম্ভাবনা লুকিয়ে আছে, তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানুষ যদি নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে চিন্তা ও চেষ্টা চালিয়ে যায়, তাহলে অনেক অসাধ্য সাধন করতে পারে। ‘আমি পারি’—এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব।
ফেসবুক ও ইউটিউবসহ আধুনিক প্রযুক্তির যুগান্তকারী উদ্ভাবনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মানুষের উদ্ভাবনী চিন্তা ও নিরলস প্রচেষ্টাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তবে সবকিছুর ওপর আল্লাহর ইচ্ছা ও রহমত রয়েছে।
মেধাবৃত্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্রাইট টিচিং হোম শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বৃত্তি প্রদানের যে উদ্যোগ নিয়েছে, তা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি স্বপ্নপূরণে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, ব্রাইট টিচিং হোম মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণে বৃত্তির অর্থ ব্যয় করছে। এটি নিঃসন্দেহে একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ।
সভাপতির বক্তব্যে ব্রাইট টিচিং হোমের পরিচালক কে বি এম মাসুদ রানা বলেন, মেধার যথাযথ স্বীকৃতি একজন মেধাবী শিক্ষার্থীকে আরও বিকশিত হতে সহায়তা করে। নিজের স্বপ্ন পূরণে তাকে নতুন করে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া এবং তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই ব্রাইট টিচিং হোম কাজ করে যাচ্ছে।
ফাতহুল ইসলাম নাদিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন আমিনুল ইসলাম অনন্য। এ ছাড়া বক্তব্য দেন তালহা চৌধুরী প্রমুখ।







