ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প
ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনার পরিবর্তে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে কথিত অপরাধ ও দুর্নীতির তদন্তে ‘সম্পূর্ণ মনোযোগ’ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ নির্দেশ দেন। এর এক দিন আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছেন ভ্যান্স।
ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার এবং তাদের প্রণালি সবই পেয়ে গেছি।’ এখানে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কথা উল্লেখ করেন।
গত কয়েক সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ইরান আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে আরও আগ্রহী হতে পারে। তবে চলতি সপ্তাহে তার প্রশাসনের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রশাসনের ধারণা, ইরানের ওপর মার্কিন অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। ফলে আপাতত সামরিক অভিযান বাড়ানো কিংবা কূটনৈতিক আলোচনায় ফেরার প্রয়োজন নেই।
বর্তমানে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে ওয়াশিংটন। এদিকে বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে দীর্ঘদিন ধরেই সংশয় প্রকাশ করে আসছিলেন ভ্যান্স। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধে তার অবস্থান নিয়ে প্রশাসনের ভেতরেও আলোচনা ছিল। গত এপ্রিলে পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। ওই আলোচনার ফল হিসেবে জুনে একটি সমঝোতা স্মারক সই হয় এবং যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেই সমঝোতা ভেঙে পড়ে।
গত মাসের শেষ দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে ভ্যান্সের একটি চিঠি পেয়েছে তেহরান। তবে ট্রাম্প দাবি করেছিলেন, ভাইস প্রেসিডেন্টকে এ ধরনের যোগাযোগের নির্দেশ তিনি দেননি।
এদিকে মঙ্গলবার প্যারিসে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সম্ভাব্য চুক্তির শর্তগুলোকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দেন। যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প কোনো খারাপ চুক্তিতে স্বাক্ষর করবেন না।
বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স। এমন বৈঠক হলে যুদ্ধ বন্ধের আলোচনায় ভাইস প্রেসিডেন্ট সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পেতেন। তবে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি।
অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত ভ্যান্স গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন। তিনি বলেন, যুদ্ধের বিপুল ব্যয় রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ। একই সঙ্গে যুদ্ধের আগেই এটি শেষ করার পক্ষে দেওয়া তার পরামর্শকে ‘যৌক্তিক’ বলেও মন্তব্য করেন।
জবাবে ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুদ্ধকে প্রয়োজনীয় বলে সমর্থন করেন।
বৃহস্পতিবারের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প জানান, ইরান ইস্যুর পরিবর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটি বিষয়ে মনোযোগ দিতে ভ্যান্সকে বলেছেন তিনি। ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে কথিত জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্ব আগেই ভ্যান্সকে দিয়েছিলেন ট্রাম্প।
তিনি লেখেন, ‘এই ব্যাপক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে পারলে আমাদের বাজেটের ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনা সম্ভব। দুর্নীতি ডেমোক্র্যাট নেতৃত্বের রক্তে মিশে আছে!’
ভ্যান্সের দপ্তর এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।






