হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল নিক্ষেপের অভিযোগ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে।
মাহদীর অভিযোগ, দুর্বৃত্তরা তাদের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়।
মাহদী জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে সেখানে আগুন ধরে যায়। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যেতে দেখেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও বলেন, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। ফেসবুক লাইভে মাহদী পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মতো কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।







