দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে মাসুম গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুসের বড় ছেলে এবং দিরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে দিরাই উপজেলার দোওজ গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যদের দাবি, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে দরজায় ডাকাডাকি করেন। এ সময় দরজা না খুললে তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দেন। পরে দরজা খুলে দিলে কোনো কিছু না জানিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, এ সময় তাঁদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়নি।
পরিবারের সদস্যরা আরও জানান, তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিংবা তাঁকে কোনো মামলার বিষয়ে আগে অবহিত করা হয়েছে—এমন তথ্য তাঁদের জানা ছিল না। কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও তাঁরা অবগত ছিলেন না।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আমরা তাঁকে গ্রেপ্তার করিনি। সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় সুনামগঞ্জের ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানি।
অন্যদিকে, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, প্রায় দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামিকে গত রাতে দিরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।







