তিন বেলা খেয়েও যে ৪ কারণে ক্লান্তি কাটছে না
দিনে তিন বেলা নিয়মিত খাবার খাওয়ার পরও অনেকের শরীরে ক্লান্তি ও অবসাদ থেকে যায়। বিশেষ করে তরুণদের মধ্যে এ সমস্যা দেখা যাচ্ছে। পর্যাপ্ত খাবার খেলেই যে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পাবে বা সারাদিন কর্মক্ষম থাকবে, বিষয়টি তেমন নয়। খাদ্যাভ্যাসের পাশাপাশি ঘুম, মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের অভাবও এর জন্য দায়ী হতে পারে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর লাইফস্টাইলবিষয়ক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চেন্নাইয়ের অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সৌম্য মুরালিকুমারন। চিকিৎসকের মতে, দিনে তিন বেলা খাবার খাওয়ার অর্থ শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া নয়। খাবার থেকে ক্যালরি মিললেও শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থাকতে পারে। এ ছাড়া ঘুমের অভ্যাস, মানসিক চাপ, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ও শারীরিক নিষ্ক্রিয়তাও শক্তির মাত্রায় প্রভাব ফেলে।
ক্লান্তির পেছনে থাকতে পারে যে ৪ কারণ
১. খাবারে পুষ্টির ভারসাম্য না থাকা
পর্যাপ্ত পরিমাণে খাবার খেলেও শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পাচ্ছে কি না, তা গুরুত্বপূর্ণ। পরিশোধিত শর্করা, মিষ্টি ও ফাস্ট ফুডনির্ভর খাদ্যাভ্যাসে ক্যালরি মিললেও প্রোটিন, আয়রন ও ভিটামিন বি-এর ঘাটতি থাকতে পারে। আবার অতিরিক্ত পরিশোধিত শর্করাযুক্ত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে পরে কমে যেতে পারে। এতে ক্ষুধা ও ক্লান্তি অনুভূত হয়। এ সমস্যা এড়াতে খাবারে প্রোটিন, আঁশযুক্ত শর্করা, স্বাস্থ্যকর চর্বি, ফল ও শাকসবজি রাখা জরুরি।
২. পর্যাপ্ত ঘুম না হওয়া
অনিয়মিত ঘুমের সময়সূচি এবং রাতে দীর্ঘক্ষণ মুঠোফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের পর্দার দিকে তাকিয়ে থাকা ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। পর্যাপ্ত ও মানসম্মত ঘুম না হলে সারাদিন ক্লান্তি, মনোযোগের অভাব এবং কাজে অনীহা দেখা দিতে পারে।
৩. দীর্ঘস্থায়ী মানসিক চাপ
পড়াশোনার চাপ, কর্মক্ষেত্রের ব্যস্ততা কিংবা দৈনন্দিন দায়িত্বের কারণে তৈরি হওয়া মানসিক চাপ শরীর ও মন—দুই ক্ষেত্রেই ক্লান্তি বাড়াতে পারে। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে ঘুম ও ক্ষুধার স্বাভাবিক নিয়মে পরিবর্তন আসতে পারে। এর ফলে মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি ক্লান্তির একটি চক্র তৈরি হয়।
৪. শারীরিক পরিশ্রমের অভাব
দীর্ঘক্ষণ বসে কাজ করা কিংবা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে গিয়ে অনেকের দৈনন্দিন শারীরিক চলাফেরা কমে যায়। নিয়মিত শরীরচর্চা না করলে ধীরে ধীরে শারীরিক সহনশীলতা কমতে পারে। ফলে সামান্য কাজ করলেও ক্লান্তি অনুভূত হয়।
ক্লান্তি কমাতে যেসব অভ্যাস গড়বেন
শরীরে শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডা. সৌম্য মুরালিকুমারন। খাবারে প্রোটিন, জটিল শর্করা, স্বাস্থ্যকর চর্বি, শাকসবজি ও ফলের ভারসাম্য রাখতে হবে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। রাতে ঘুমানোর আগে ইলেকট্রনিক যন্ত্রের পর্দা ব্যবহার কমানোও জরুরি।
শারীরিকভাবে সক্রিয় থাকতে প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা যেতে পারে। পাশাপাশি দিনের কাজের ফাঁকে ছোট বিরতি নেওয়া, গভীর শ্বাস নেওয়া এবং কিছু সময়ের জন্য পর্দা থেকে দূরে থাকলে মানসিক চাপ কমাতে সহায়তা মিলতে পারে। তবে পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও দীর্ঘদিন ক্লান্তি থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।







