কোম্পানীগঞ্জে ২৫টি ক্রাশার মিলে প্রশাসনের অভিযান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহ আরেফিন টিলা। শত বছরের ইতিহাস, লোককথা ও ঐতিহ্যের স্মৃতিবিজড়িত এই পাহাড় একসময় ছিল এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন। অথচ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের অবৈধ পাথর উত্তোলনে আজ প্রায় বিলুপ্তির পথে পাহাড়টি। রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কেটে পাথর লুটের এই ধ্বংসযজ্ঞে হারিয়ে যাচ্ছে ইতিহাস ও প্রকৃতির এক অনন্য নিদর্শন।
স্থানীয় সূত্রে জানা যায়, কথিত আছে, ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ আরেফিন এই পাহাড়ে বিশ্রাম নিতেন। তাঁর নামানুসারেই পাহাড়টির নামকরণ হয় শাহ আরেফিন টিলা। সেই ঐতিহাসিক পরিচয় বহনকারী পাহাড়টি এখন অস্তিত্বসংকটে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলকে ম্যানেজ করে পাহাড় কেটে পাথর উত্তোলন করে আসছে। স্থানীয়দের ভাষায়, এই চক্রটি ‘ম্যানেজ পার্টি’ নামে পরিচিত।
অভিযোগ রয়েছে, পাহাড়ের পাদদেশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে পাথর উত্তোলন করা হয়। পরে বিভিন্ন ঘাটে চাঁদা দিয়ে এসব পাথর পরিবহন করে নেওয়া হয় ক্রাশার মিলে। এভাবে বছরের পর বছর চলেছে পাহাড় ধ্বংসের মহোৎসব। বর্তমানে পাহাড়টির অবশিষ্ট চিহ্নটুকুও রক্ষা করা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে শাহ আরেফিন টিলার পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে ২৫টি ক্রাশার মিলের যন্ত্রপাতি পেলোডার দিয়ে অকার্যকর করে দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, শাহ আরেফিন টিলা হতে পাথর উত্তোলন, পরিবহন, ক্রাশিং, বিক্রয় রোধে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু ক্রাশার মিলের যন্ত্রপাতি অকার্যকর করেই দায়িত্ব শেষ করলে চলবে না। পাহাড়ের পাদদেশে অবৈধ ড্রেজার মেশিন স্থাপন, পাথর উত্তোলন, পরিবহন এবং এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাতে হবে। একই সঙ্গে পাহাড়টির অবশিষ্ট অংশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তাদের মতে, শাহ আরেফিন টিলা কেবল একটি পাহাড় নয়; এটি কোম্পানীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক পরিচয়ের অংশ। তাই এই ঐতিহ্য রক্ষায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি পাহাড়টির অবশিষ্ট অস্তিত্ব সংরক্ষণ এখন সময়ের দাবি।






