সিলেটে শুক্র ও শনিবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস রিচার্জ
সিলেটে আবাসিক প্রিপেইড গ্যাস মিটারের রিচার্জ কার্যক্রম দুই দিন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড। প্রিপেইড মিটারিং ব্যবস্থার কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস রিচার্জ করা যাবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড গ্যাস মিটারিং সিস্টেমের কারিগরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ২৭ ও ২৮ নভেম্বর প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত JGTDSL PREPAID মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় আবাসিক প্রিপেইড গ্যাস মিটারের গ্রাহকরা অ্যাপ ব্যবহার করে রিচার্জ করতে পারবেন না। তাই সাময়িক ভোগান্তি এড়াতে গ্রাহকদের প্রয়োজনীয় গ্যাস ব্যালেন্স আগেই নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এ বিষয়ে কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে গ্রাহকদের ১৬৫১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।






