গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রথম এনইসি সভা অনুষ্ঠিত
প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবতার কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট বিভাগের চার জেলার অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মোট ১৭ লাখ টাকার দুটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
গত ২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় বার্মিংহামের স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণ। এ লক্ষ্যে ৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।
এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের জন্য ১০ লাখ টাকার আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসের সংগঠিত শক্তিকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক।
প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে প্রবাসীদের আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে সিলেট বিভাগের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে প্রবাসীদের অভিজ্ঞতা, মেধা ও সামর্থ্য কাজে লাগানোর ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সমাপনী বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সভায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বিস্তৃত করার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানান। পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজসহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটে চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি উত্থাপন করেন। তাঁর মতে, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারিত হলে সিলেটের প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা, সিলেট বিভাগের উন্নয়ন, অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।






