দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১
সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আনহার মিয়া (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনহার মিয়া ওই গ্রামের মৃত ওয়াকিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনহার মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা ও মাথায় গুরুতর আঘাতের বিষয়টি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা প্রশান্ত দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আনহার মিয়ার মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।






