আকাশে উড়তে উড়তে জন্মদিনের কেক কাটলেন তরুণী, ভিডিও ভাইরাল
প্যারাগ্লাইডিং করতে গিয়ে হাজারো ফুট ওপরে জন্মদিনের কেক কেটেছেন এক তরুণী। ভারতের হিমাচল প্রদেশের বীর বিলিংয়ে এ ঘটনা ঘটে। উড়ন্ত অবস্থায় কেক কাটা ও নিজের জন্মদিনের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে প্যারাগ্লাইডিংয়ের সময় এমন আয়োজন কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে ওই নারীকে প্যারাগ্লাইডিংয়ের সময় হাতে কেক নিয়ে তা কাটতে দেখা যায়। এ সময় তিনি নিজেই নিজের জন্মদিনের গান গাইছিলেন। তার সঙ্গে ছিলেন একজন প্যারাগ্লাইডিং পাইলট, যিনি পুরো ঘটনাটি ভিডিও করেন।
ভিডিওর শুরুতে পাইলটকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘দেখিয়ে ম্যাডামজি, আব আপনা কেক কাটনে ওয়ালি হ্যায়।’ অর্থাৎ, দেখুন, ম্যাডাম এখন তার কেক কাটতে যাচ্ছেন। এ সময় কেকটি যেন হাত থেকে পড়ে না যায়, সে বিষয়েও ওই নারীকে সতর্ক করেন পাইলট।
ইনস্টাগ্রামে ‘হিমাচল’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পরে সেটি ছড়িয়ে পড়ে। প্রতিবেদন প্রকাশের সময় ভিডিওটি ১৬ হাজারের বেশি বার দেখা হয়েছিল।
ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন মন্তব্য করেন, ‘কেকটি সঙ্গে নেওয়ারই বা কী প্রয়োজন ছিল? প্যারাগ্লাইডিং তো এসব করার জন্য নয়।’ আরেকজন প্যারাগ্লাইডিংয়ের নিরাপত্তাবিধি মেনে এমন আয়োজন করা হয়েছিল কিনা, তা জানতে চান। কেউ কেউ ঘটনাটিকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেও সমালোচনা করেছেন।
তবে ভিডিওটি থেকে প্যারাগ্লাইডিংয়ের কোনো নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। উড্ডয়নের সময় কেকটি কীভাবে বহন করা হয়েছিল, এ ধরনের আয়োজনের অনুমতি ছিল কিনা কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ছিল কিনা, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি







