নারী ও শিশুদের উন্নয়নে কেয়ারের সহযোগিতা চাইলেন মন্ত্রী
নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের সহযোগিতা চেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কেয়ারের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, পরিচর্যা অর্থনীতি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু সুরক্ষায় প্রচলিত আইন, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি এবং প্রারম্ভিক বিকাশ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন নিয়েও আলোচনা করেন তারা।
মন্ত্রী বলেন, কেয়ার বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার করতে পরিবারের নারীদের প্রধান করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। এ কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ, সন্তানদের পড়াশোনা, পারিবারিক সবজি বাগান তৈরি এবং উদ্যোক্তা হওয়ার কাজে ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ দেশে সমাজের প্রতিটি মানুষ সমান গুরুত্ব পাবে। এ লক্ষ্য সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে।
বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা তৈরি হচ্ছে।
সাক্ষাৎকালে আর্ল আর মিলার ও রাম দাস বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কেয়ারের চলমান বিভিন্ন কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের প্রশংসা করেন তারা।







