নবীগঞ্জে আমন সংগ্রহ মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
সরকারিভাবে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমের কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা খাদ্য বিভাগ ও অভ্যন্তরীণ সংগ্রহ কমিটির আয়োজনে অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি সুলতানা জেরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার কবির হোসাইন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা (ওসি এলএসডি), দীপক সুত্রধর, সহ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার আবেদনকারী প্রান্তিক কৃষকবৃন্দ।
মোট আবেদন কারী কৃষক ছিলেন ৫ হাজার ৫শত জন এর মধ্যে নির্বাচিত কৃষক হয়েছেন ৬৩৪ জন।
সভায় ইউএনও সুলতানা জেরিন বলেন, সরকার প্রান্তিক কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই প্রকৃত কৃষকরা যেন সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্যই সবার উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।”
উল্লেখ্য, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা দরে লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করা হবে। লটারি শেষে নির্বাচিত কৃষকদের তালিকা উপজেলা খাদ্য অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশের জন্য পাঠানো হবে।







