পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা
আজমিরীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাঁধসংলগ্ন ঘাগানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কয়েকজন পথচারী বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় কালনী-কুশিয়ারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড়ক জমে। পরে স্থানীয়রা বিষয়টি কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে অবহিত করেন।
খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অপু দাস গুপ্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মরদেহটি কোথা থেকে নদীতে এসেছে এবং ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী—তা খতিয়ে দেখছে পুলিশ।







