আন্তর্জাতিক গণমাধ্যমে কলামিস্ট শাহ মনসুর আলী নোমানের সৃজনশীলতার স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য রিপাবলিক’ (The Republic) এর ৮ আগস্ট ২০২৬ এর মুদ্রণ সংস্করণে কলামিস্ট,শিক্ষা প্রশাসক ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর একটি আলোকচিত্র প্রকাশিত হয়েছে।ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার থেকে ধারণ করা তাঁর প্রকৃতিনির্ভর আলোকচিত্রটি পত্রিকাটির নির্বাচিত আলোকচিত্র হিসেবে স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রকাশিত দৈনিক ‘দ্য রিপাবলিক’ ১৮৭২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি পত্রিকাটির ‘টেক ইয়োর বেস্ট শট’ বিভাগে নির্বাচিত আলোকচিত্র প্রকাশিত হয়।ছাত্রজীবন থেকেই লেখালেখি ও আলোকচিত্র চর্চার প্রতি অনুরাগ শাহ মনসুর আলী নোমানকে সৃজনশীল এই দুই জগতের সঙ্গে সম্পৃক্ত রেখেছে। তাঁর কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র প্রকাশিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী সংবাদপত্রে।বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি ইংল্যান্ডের Burnley Express, Lancashire Telegraph এবং BBC বাংলা’র প্রবাহ অনুষ্ঠানেও তাঁর ধারণকৃত ছবি স্থান পেয়েছে। মনসুর নোমান লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ভোরের কাগজ ও এই সময় পত্রিকার পক্ষ থেকে বিভিন্ন সময়ে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক তিনি ‘২০২৫ সালের সেরা ফিচার লেখক’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
রিপাবলিকের মতো ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দৈনিক সংবাদপত্রে কোনো আলোকচিত্র প্রকাশিত হওয়া নিঃসন্দেহে শাহ মনসুর আলী নোমান এর সৃজনশীল প্রতিভার স্বীকৃতি এবং একটি মর্যাদাপূর্ণ অর্জন।
সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় অবকাঠামো সমস্যা, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি ও মানবাধিকার—এই বিষয়গুলো তাঁর লেখার প্রধান ক্ষেত্র। তাঁর একাধিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বাস্তব উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে ভূমিকা রেখেছে।
বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করেও তাঁর লেখা কলাম, নিবন্ধ, প্রতিবেদন ও আলোকচিত্র দেশে-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। ইংল্যান্ডে আসার আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহ মনসুর আলী নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমজিএস (দ্বিতীয় মাস্টার্স) সম্পন্ন করে মেধাক্রমে ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।
দেশ-বিদেশের বিভিন্ন অঙ্গনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (সিলেট ইউনিট), কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি), সিলেট শাখা এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত থেকে নানা কার্যক্রমে অবদান রেখে চলেছেন।







