বিশ্বকাপেও একই গ্রুপে ভারত–পাকিস্তান, ম্যাচ ১৫ ফেব্রুয়ারি
২০২৬ সালের পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে নামবে দুই দল। সর্বশেষ এশিয়া কাপে খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধানের কাছ থেকে ট্রফি না নেওয়াসহ নানা নানা বিতর্কের পর এটিই হতে যাচ্ছে দুই দেশের প্রথম মুখোমুখি লড়াই।
প্রতিবেদন অনুযায়ী, ভারত–পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। গ্রুপপর্বে প্রতিদিন অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এবারের আসর।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো বা ক্যান্ডিতে।
আগের মতো এবারও ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে।
সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল উঠবে সেমিফাইনালে, এরপর হবে ফাইনাল।
ভারত সুপার এইটে উঠতে পারলে তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল নির্ধারণ করা হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনাল হবে আহমেদাবাদে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোতে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দল হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।








