স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয় নাই: জামায়াত আমির
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনও ভালো লক্ষণ দেখছি না। জাতীয় সংসদের চীফ হুইফ যিনি জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপি’র প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো সরকারি বরাদ্দ দেয়া হবে না। এটা লজ্জার বিষয়। তার মানে আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয় নাই।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস হলরুমে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ডা: শফিকুর রহমান আরও বলেন, বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের এডিশনাল সেক্রেটারি হিসাবে বসানো হয়েছে। একজন দলীয় লোককে কেন আনতে হবে এখানে এ প্রশ্ন জনগণের।
জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আমরা চাইবো। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চিয়তা পাবো তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা আরও বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সকল মন্ত্রণালয়ে সার্ভিস দেন। না তিনি মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন। রাষ্ট্রে আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।
জামায়াত আমির বলেন, সংবাদপত্র সমাজের আয়না। তাদের আয়নায় সমাজের দোষ ত্রুটি ধরা পড়ে। স্বাধীনতার পরের সময়ে ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল। রাজনীতির উপর আঘাত এসেছিল। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেয়া হয়। সবগুলো সংবাদ মাধ্যম সরকার তার পূর্ণ নিয়ন্ত্রনে নিয়েছিল। ৪টি সংবাদ মাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত্ব রাখা হয়নি।
এদিকে জামাত আমির ডা. শফিকুর রহমান সকালের দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে আসলে তাকে অভ্যর্থনা জানান জেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, হবিগঞ্জ জেলার আমির মাওলানা কাজী মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলার সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিনসহ প্রমূখ। পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।







