বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা, প্রাণ গেল তরুণের
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গরুটিও মারা গেছে।
নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাদিক মোটরসাইকেলযোগে তালিমপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় সড়কে থাকা একটি গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গরুটিও মারা যায়।
খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেছেন, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।







