মুসলিম মৃতদের দাফন-কাফনে ব্যতিক্রমী উদ্যোগ
বড়লেখায় ‘শেষ বিদায়ের সাজ’ কর্মসূচি চালু করল আল-ইহসান
জীবনের শেষ প্রান্তে এসে প্রত্যেক মানুষকেই ফিরতে হয় পরপারের পথে। সেই শেষ বিদায়ের প্রস্তুতিকে সহজ ও মর্যাদাপূর্ণ করতে বড়লেখায় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে ‘আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগ’। উপজেলার যেকোনো মুসলিম মৃত ব্যক্তির দাফন-কাফনের প্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য করার লক্ষ্যে সংস্থাটি চালু করেছে ‘শেষ বিদায়ের সাজ’ নামের পরকালীন এই মহতি কর্মসূচি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক জামাল উদ্দিন। শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগের সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সংস্থাটির উপদেষ্টা আব্দুল কাইয়ুম, আজিজুর রহমান লাল, উত্তর দোহালিয়া দারুল হুদা নূরানী মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা খলিলুর রহমান সাহীন, পশ্চিম গাংকুল জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শাহ আলম, সমাজসেবক আব্দুল জলিল খলকু, রফিক উদ্দিন, অহিদ আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।
আয়োজকেরা জানান, মৃত্যুর পর একজন মুসলিমের দাফন-কাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ অনেক সময় স্বজনদের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এসব ব্যবস্থাপনায় নানা সমস্যার মুখোমুখি হন। তাদের সেই দুর্ভোগ কিছুটা লাঘব করতেই ‘শেষ বিদায়ের সাজ’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো মুসলিম মৃত ব্যক্তির দাফন-কাফনের প্রয়োজন হলে দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসায় যোগাযোগ করলে এ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা যাবে।
জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার যেকোনো মুসলিম মৃত ব্যক্তির দাফন-কাফনের প্রয়োজনীয়তা সহজতর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা এ কর্মসূচিকে মানবিক দায়িত্ব ও সামাজিক সহযোগিতার একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন।








