দ্বিতীয় ধাপে শাবিপ্রবি স্বপ্নোত্থানের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন
দ্বিতীয় ধাপে ক্যাম্পাসে কর্মজীবী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের বিশ্ববিদ্যালয়ের নতুন ফুডকোর্টে এ বিতরণ কর্মসূচি পালন করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৫’ নামে এ স্বেচ্ছাসেবী কর্মসূচিতে মোট ৩৭ জনের মধ্যে এ নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক আকাশ চন্দ সজীব বলেন, “স্বপ্নোত্থান প্রতিনিয়ত চেষ্টা করে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের এই যাত্রায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি ‘স্বপ্নোত্থান’ পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে আসছে স্বপ্নোত্থান। শিক্ষা কার্যক্রম, রক্তদান, চ্যারিটি সহায়তাসহ নানান মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে সম্পৃক্ত করছে।







