ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বড়লেখায় লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ব্যাপক ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটেছে। গত ৭ আগস্ট (শুক্রবার) উপজেলার কাঠালতলী গ্রামে অবস্থানরত লন্ডন প্রবাসী মাওলানা লুৎফুর রহমানের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লন্ডন প্রবাসী মাওলানা লুৎফুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। অভিযোগ উঠেছে, উক্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ হামলার ঘটনাটি ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘটনার দিন একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাওলানা লুৎফুর রহমানের বাড়ি ঘেরাও করে। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায়। এসময় প্রবাসীর প্রতিবেশীরা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়। এছাড়া প্রবাসী মাওলানা লুৎফুর রহমান দেশে ফিরলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







