ঘুষ-হয়রানির অভিযোগ: আইনশৃঙ্খলা সভায় তোলপাড় তদন্তের আশ্বাস ইউএনও’র
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। এমনকি নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতেও ৪ থেকে ৫ হাজার টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ উত্থাপন করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন অভিযোগ করে বলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। অফিসের কর্মকর্তারা নিজেদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কোনো কাজ করতে চান না। আর সেই প্রক্রিয়ার নামে টাকা দিলে কাজ করে দেওয়া হয়, অন্যথায় নানা অজুহাতে মানুষকে হয়রানি করা হয়।
তিনি বলেন, “আমি নিজেও কয়েকটি বিষয়ে তদবির করেছি। কিন্তু সেসব কাজ তারা করেননি। পরে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা অফিসের কথিত সিস্টেম অনুযায়ী গেলে কাজ করে দেওয়া হয়। টাকা ছাড়া গেলে কখনো বলা হয় কাগজ নেই, কখনো সময় নেই, আবার নানা অজুহাত দেখানো হয়।”
আনছার উদ্দিন আরও বলেন, রাজনীতি করি মানুষের উপকারের জন্য। মানুষ যখন এসব হয়রানির অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে, তখন তাদের সহযোগিতা করতে গিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিন্তু এ অফিসে তদবির করেও অনেক ক্ষেত্রে কাজ করানো সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে, যা একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। তিনি এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনও নির্বাচন অফিসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি নিজেও এ অফিসের সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন। নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতেও টাকা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ৪ থেকে ৫ হাজার টাকা ছাড়া নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায় না।
তিনি বলেন, “আমরা সবাই এই অফিসের যন্ত্রণায় অতিষ্ঠ। সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।”
সভায় নির্বাচন অফিসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপিত হলে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানান কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, নির্বাচন অফিসের বিষয়ে তার কাছেও এ ধরনের কিছু অভিযোগ এসেছে। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, “আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলাম না। আমার ও আমার অফিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”
বিএনপি নেতা আনছার উদ্দিনের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কর্মকর্তা বলেন, তিনি একজন মহিলার নাম সংশোধনসংক্রান্ত বিষয়ে তার কাছে তদবির করেছিলেন। কিন্তু ওই মহিলার সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রে যে নাম রয়েছে, তার বাইরে অন্য নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করা আইনগতভাবে সম্ভব নয়। এ কারণে তিনি কাজটি করে দিতে পারেননি। তার দাবি, এ বিষয়কে কেন্দ্র করেই আনছার উদ্দিন তার ওপর ক্ষুব্ধ হয়েছেন।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান কয়েকজন ভোটারের স্থানান্তরসংক্রান্ত কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ভোটার স্থানান্তরের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ওই কাজ করা সম্ভব হয়নি।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ কমিটির অন্যান্য সদস্যরা।







