শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বপ্নোত্থানের নবগঠিত কমিটির সভাপতি নুর এ মুবাশ্বিরা ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
স্বপ্নোত্থানের সভাপতি নুর এ মুবাশ্বিরা বলেন, “স্বপ্নোত্থান সব সময় সমাজের অবহেলিত মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। প্রেসক্লাবের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। আমাদের বিভিন্ন কার্যক্রম তারা প্রচার করে আসছে। আশা করি, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান বিভিন্ন ভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অত্যন্ত প্রসংশনীয়। স্বপ্নোত্থানের বিভিন্ন সংবাদ পরিবেশনে শাবি প্রেসক্লাব অতীতের ন্যায় সবসময় পাশে থাকবে।”
মতবিনিময় সভায় সপ্নোত্থানের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি একরামুল হোসাইন, শিক্ষা বিষয়ক কো-অর্ডিনেটর মিতালি সরকার, যোগাযোগ বিষয়ক কো-অর্ডিনেটর জান্নাতুল নাইম শুভেচ্ছা, চ্যারিটি কো-অর্ডিনেটর খাদিজাতুল কোবরা, সহকারী শিক্ষা কো-অর্ডিনেটর আনিকা তাবাসসুম উষা, সহকারী কোষাধ্যক্ষ জনি জান্নাত ও সহকারী ব্লাড কো-অর্ডিনেটর মো. আসিক ও অন্য সদস্যবৃন্দ।
অন্যদিকে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য মাঈন উদ্দিন ও নাদির আহমেদ-সহ অন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







