নিয়মিত তাহাজ্জুদ আদায়ে মিলবে যেসব উপকার
মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন চারপাশের সব কোলাহল থেমে যায়, পৃথিবী নিস্তব্ধ হয়ে আসে। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কিছু সৌভাগ্যবান মানুষ বিছানা ছেড়ে উঠে দাঁড়ান মহান রবের দরবারে।
নির্জন রাতের সেই মুহূর্তে তাঁরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজেদের দুঃখ-কষ্ট, আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। এই নিভৃত ইবাদতের নাম তাহাজ্জুদ। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত রাতের নামাজ আদায় করতেন এবং সাহাবিদের এ ইবাদতে উৎসাহিত করতেন। তাই নিয়মিত তাহাজ্জুদ আদায়ে মিলবে ছয় উপকার।
সেগুলো হলো-
১. আল্লাহর বিশেষ নৈকট্য ও ভালোবাসা লাভ: তাহাজ্জুদের অন্যতম শ্রেষ্ঠ উপকার হলো, এর মাধ্যমে বান্দা মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পায়। দিনের ব্যস্ততা, মানুষের আনাগোনা ও দুনিয়ার নানা ব্যস্ততা থেকে দূরে রাতের নির্জনতায় যখন একজন মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার ইবাদতে আন্তরিকতা ও একাগ্রতা প্রকাশ পায়। সে নিজের রবের কাছে নিজের দুর্বলতা, অসহায়ত্ব ও প্রয়োজন তুলে ধরে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৩)
২. মর্যাদাপূর্ণ অবস্থান ও সম্মান লাভ: তাহাজ্জুদের আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হলো, এটি বান্দাকে মহান মর্যাদা অর্জনের পথে এগিয়ে দেয়। আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী মুহাম্মদ (সা.)-কে রাতের একটি অংশে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ দিয়ে বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন। এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায়, আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭৯)
৩. দোয়া কবুলের বিশেষ সময়: মানুষের জীবনে এমন অনেক চাওয়া-পাওয়া থাকে, যা সে কাউকে বলতে পারে না। এমন অনেক কষ্ট থাকে, যা অন্যের কাছে প্রকাশ করা কঠিন। কিন্তু মহান আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। তাহাজ্জুদের সময় বান্দা নির্জনে তাঁর কাছে নিজের সব প্রয়োজন তুলে ধরতে পারে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের মহান রব দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব?’ (সহিহ বুখারি, হাদিস : ১১৪৫; সহিহ মুসলিম, হাদিস : ৭৫৮)
৪. গুনাহ থেকে মুক্তি ও আত্মশুদ্ধি লাভ: মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। প্রতিদিনের চলার পথে জেনে কিংবা না জেনে অনেক গুনাহ হয়ে যায়। এসব গুনাহ থেকে মুক্তি পেতে প্রয়োজন আন্তরিক তওবা, ইস্তিগফার ও নেক আমল। তাহাজ্জুদ এমন একটি ইবাদত, যা মানুষকে নির্জনে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করার এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দেয়। আল্লাহ রাতের ইবাদতকারী মুত্তাকিদের প্রশংসা করে বলেন, ‘তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা : জারিয়াত, আয়াত : ১৭-১৮)
৫. অন্তরের প্রশান্তি লাভ হয়: দুনিয়ার জীবনে দুশ্চিন্তা, হতাশা, অভাব-অনটন ও নানা সংকট মানুষের মনকে অস্থির করে তোলে। অনেক সময় মানুষ নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না। কিন্তু রাতের নির্জনতায় আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত, রুকু-সিজদা ও দোয়ার মাধ্যমে সে নিজের অন্তরকে আল্লাহর স্মরণে সিক্ত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক থাকে। তারা তাদের রবকে ডাকে ভয় ও আশা নিয়ে।’ (সুরা : সাজদা, আয়াত : ১৬)
৬. নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য: তাহাজ্জুদ আদায়কারীরা এমন একদল মানুষের অন্তর্ভুক্ত, যাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিশেষভাবে প্রশংসা করেছেন। রাতের নির্জনতায় আল্লাহর সামনে দাঁড়ানো, তাঁর কাছে ক্ষমা চাওয়া এবং ইবাদতে সময় ব্যয় করা নেককার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ‘আর যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদা ও দাঁড়িয়ে রাত কাটায়।’ (সুরা : ফুরকান, আয়াত : ৬৪)
যেভাবে নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলবেন
তাহাজ্জুদ আদায়ের জন্য শুরুতেই অনেক রাকাত পড়ার প্রয়োজন নেই। অল্প আমল দিয়ে শুরু করে ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলা উত্তম।
১. এশার নামাজ আদায় করে ঘুমানোর আগে তাহাজ্জুদের জন্য জাগার নিয়ত করুন।
২. সম্ভব হলে রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠুন।
৩. অন্তত দুই রাকাত নামাজ দিয়ে শুরু করুন।
৪. প্রতি দুই রাকাত পর সালাম ফিরিয়ে নামাজ আদায় করুন।
৫. নামাজে ধীরস্থিরভাবে কোরআন তিলাওয়াত করুন এবং রুকু-সিজদায় বেশি সময় দিন।
৬. নামাজ শেষে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে দোয়া করুন।
তাই আসুন, আমরা রাতের কিছুটা সময় মহান রবের জন্য নির্ধারণ করি। হয়তো এই নির্জন রাতের কয়েকটি সিজদাই আমাদের জীবনে বয়ে আনবে আল্লাহর রহমত, মাগফিরাত ও চিরস্থায়ী সফলতার পথ।







