ঝড়ে ভেঙেছে ঘর, ভাঙেনি আশা: বৃদ্ধা শিপ্রা রাণীর পাশে ডিসি
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছিল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের অসহায় বৃদ্ধা শিপ্রা রাণী নাগের। সেই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। পুনর্বাসনের জন্য তাকে এককালীন ১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ শিপ্রা রাণী নাগের হাতে সহায়তার চেক তুলে দেন।
জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড়ের আঘাতে শিপ্রা রাণী নাগের একমাত্র বসতঘর সম্পূর্ণ ভেঙে যায়। বয়সের ভারে ন্যুব্জ ও আর্থিকভাবে অসচ্ছল এই বৃদ্ধা সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক সরেজমিনে তার বাড়ি পরিদর্শন করেন এবং দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেন।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিপ্রা রাণী নাগের মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। আশা করি, এর মাধ্যমে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তার নতুন করে ঘর নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে বড় সহায়ক হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক অসহায় বৃদ্ধার পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে জনবান্ধব প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।







