জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ (২২) নামের এক তরুণ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি ইউনিয়নের বারগাত্তার (মুকামের পাশের বাড়ির) সুফান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ফরহাদের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ছোট ভাইকে সড়কের বাজারে মোটরসাইকেলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ফরহাদ।
মাত্র ১ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে পরিবারে ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।







