কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতা করায় বিএনপি নেতা বহিষ্কার
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম আফসর হোসেন।
তিনি কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে পরোক্ষভাবে সংশ্লিষ্টতা ও সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে ঐ বিএনপি নেতা কোন নিষিদ্ধ সংগঠনকে ঠিক কীভাবে সহযোগিতা করেছেন,সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ২২ নভেম্বর রাতে মুলাগুল বাজারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করতে গেলে স্থানীয় আওয়ামিলীগ ঘরনার লোকজন তাদেরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।ঐ ঘটনার সাথে বিএনপি নেতা আফসার হোসেন জড়িত ছিলেন।







