খোঁজে খোঁজে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
শীতার্ত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের বিভিন্ন এলাকায় খোঁজে খোঁজে অসহায়, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের শনাক্ত করে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
হঠাৎ তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা পৌরশহরের অলিগলি, বাজার এলাকা ও রাস্তার পাশ ঘুরে শীতার্ত মানুষের হাতে নিজ হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় বৃদ্ধা আদমপুর এলাকার ফুলবানু (৭০)। তিনি বলেন, “আমি গরীব মানুষ, রাস্তায় ভিক্ষা করি। এই শীতে খুব কষ্ট হচ্ছিল। কেউ খোঁজ নেয় না। আজ সেনাবাহিনীর ভাইয়েরা এসে কম্বল দিলেন, আল্লাহ তাদের ভালো রাখুক। একইভাবে কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করেন প্রতিবন্ধী তাজুল ইসলাম। তিনি বলেন, আমার দুটি পা নেই, হাটতে পারিনা কোন কাজও করতে পারিনা । শীতে রাতে ঘুমাতে কষ্ট হয়। সেনাবাহিনীর এই সহায়তা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় উপকার। তাদের জন্য দোয়া করি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ বা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর দায়িত্ব ও নৈতিক কর্তব্য। শীতের তীব্রতা বাড়ায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর এমন মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ বাড়াচ্ছে। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো এই উদ্যোগে চুনারুঘাটে প্রশংসার সাড়া পড়েছে।






