লাখো মানুষকে বরণ করতে প্রস্তুত বালাই হাওর
প্রতিবছরের ন্যায় ১৫ জানুয়ারী বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেববাড়ী সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, সুলতানুল আরিফীন, রঈসুল কোররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দীসিন, মুজাদ্দিদে জামান, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সওয়াব মাহফিল।
মাহফিল উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাখো মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত হয়েছে ঐতিহাসিক বালাই হাওর। প্রতিবছর ঈসালে সাওয়াব মাহফিলে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর লক্ষ লক্ষ ভক্ত-মুরিদীন, মুহিব্বীন ও ধর্মপ্রান মানুষের সমাগম ঘটে। এ অঞ্চলে ফুলতলী ছাহেব বাড়ীর ঈসালে সাওয়াব মাহফিল হচ্ছে সর্ববৃহৎ গণজামায়েত।
জানা গেছে, মূল স্টেজ, প্যান্ডেল ও প্যান্ডেলের বাইরে বসার জন্য সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ বর্গফুট জায়গা প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠুভাবে খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় দেড় লাখ বর্গফুটের খাবার স্থান। জকিগঞ্জ-আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ী পার্কিং-এর জন্য বৃহৎ পরিসরে দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে। রতনগঞ্জ বাজার থেকে ছাহেববাড়ি অভিমুখী রাস্তার মুখে মোটর সাইকেল রাখারও সুব্যবস্থা করা হয়েছে। সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে প্রায় হাজারো স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও দায়িত্ব বণ্টনও সম্পন্ন হয়েছে। প্রশাসনের সহযোগিতায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ইতোমধ্যে মাহফিলস্থল পরিদর্শন করেছেন।
আয়োজক কমিটির দায়িত্বশীলসূত্রে জানা গেছে, সকাল ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
সম্মানিত অতিথি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন রাসূলে পাক (সা.)-এর ৩৯তম বংশধর, মদীনা শরীফের প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া এবং জেদ্দার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব ওমর আহমদ আল হাবাশী। এছাড়াও দেশ-বিদেশের পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে অংশ নেবেন। মাহফিল উপলক্ষ্যে সব প্রস্তুতি প্রায় শেষ। লাখো মুসল্লিকে বরণ করতে প্রস্তুত বালাই হাওর।
এদিকে, মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, হযরত আল্লামা ফুলতলী (র.) ১৯১৩ সালে জকিগঞ্জ উপজেলার ফুলতলীতে জন্মগ্রহণ করেন। প্রায় শতবর্ষব্যাপী জীবনে তিনি দীনের বহুমুখী খিদমত আঞ্জাম দেন। ইলমে কিরাত ও ইলমে হাদীসের ক্ষেত্রে তাঁর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। তাযকিয়ায়ে নফস ও তাসাওউফে তাঁর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। অসংখ্য মানুষ তাঁর হাতে বায়আত হয়ে আত্মশুদ্ধির পথে অগ্রসর হয়েছেন। তিনি একজন সুলেখক ও সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত। ইসলামী শিক্ষা বিস্তারে দেশ-বিদেশে বহু মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায় তাঁর অবদান রয়েছে। ২০০৮ সালের ১৫ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।







