মাধবপুরে আগুনে পুড়ল বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষতি
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামে মো. খালেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ফজরের নামাজের সময় এ আগুন লাগে। এতে একটি বসতঘর, আসবাবপত্র, ফ্রিজ, কাঠ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খালেক মিয়া বলেন, আগুনে ঘরের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের পাশাপাশি পরিবারের নতুন বউয়ের প্রায় সাত ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, আগুনে খালেক মিয়ার ঘরের আসবাবপত্র, ফ্রিজ, কাঠ ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।
তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।







