মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবাধে বালু উত্তোলনে পাহাড় ধসে উপড়ে পড়ছে গাছ
সিলেট বন বিভাগের মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহজিবাজার ছড়া থেকে একটি প্রভাবশালী চক্র প্রতি রাতে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে পাহাড় ধসে ঘটছে প্রাকৃতিক বিপর্যয়। উপড়ে পড়ছে লাখ লাখ টাকার সামাজিক বনায়নের গাছ।
জানা গেছে, সিলেট বন বিভাগে রঘুনন্দন রেঞ্জের শাহজিবাজার বিট এলাকার শাহজিবাজার খেলার মাঠের পার্শ্ববর্তী ছড়া থেকে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করে আসছে।
উপজেলার রিয়াজনগর গ্রামের উপকারভোগী আইয়ুব আলী জানান, দীর্ঘদিন ধরে প্রতি রাতে শাহজিবাজার ছড়া থেকে বালু অবৈধভাবে পাচার করার কারণে সামান্য বৃষ্টিতেই পাহাড় ধসে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। তাদের সৃজিত বাগানের লাখ লাখ টাকার গাছও উপড়ে বিনষ্ট হচ্ছে। তিনি বলেন, বালু পাচারকারী প্রভাবশালী চক্রের ১৩ জনের নাম উল্লেখ করে বিভাগীয় বন কর্মকর্তা সিলেট, জেলা প্রশাসক হবিগঞ্জসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করার পরও বন্ধ হয়নি। কোনো প্রতিকার না হলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন আইয়ুব আলী।
শাহজিবাজার বিট কর্মকর্তা শংকর চন্দ্র বীর বলেন, তার বনবিটে লোকবল সংকট রয়েছে। দুই জন স্টাফ নিয়ে তিনি দিনরাত বন পাহারায় নিয়োজিত রয়েছেন। রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, ‘বালু পাচার রোধে অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, ‘মাধবপুরের ইউএনওকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’







