মালয়েশিয়াকে হারিয়ে হকি এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
দারুণ পথচলা জাপানের বিপক্ষে হারে হোঁচট খেলেও শেষটা ভালো হলো সারিকা-কনাদের। এলিট পুলের দল মালয়েশিয়াকে হারিয়ে উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়েছে বাংলাদেশ।
হুলুনবুইর সিটিতে শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে রিমন সারিকা ও কনা আক্তার পেয়েছেন জালের দেখা।
উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকির এবারের আসর বাংলাদেশ শেষ করল ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি হার দিয়ে। চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের সবগুলো জিতেছিল দল। চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জার পুলে সেরা হয়েছিল দল।
এরপর কোয়ার্টার-ফাইনালে এলিট পুলে তৃতীয় হওয়া জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরে স্থান নির্ধারী ম্যাচে খেলতে হয় বাংলাদেশকে। সেখানে এলিট পুলে পঞ্চম হওয়া মালয়েশিয়াকে হারিয়ে শেষটা রাঙাল মেয়েরা।
শক্তিশালী মালয়েশিয়ার সাথে শুরু থেকে চোখে চোখ রেখে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে গোল না পেলেও জাল অক্ষত রাখে দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সফল পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশকে এগিয়ে নেন সারিকা।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে কনার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও উজ্জীবিত বাংলাদেশের জয় আটকাতে পারেনি।







