মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ বাবু এবং উপজেলার ১১৫টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।







