নরমাল ডেলিভারিতে দেশসেরা দ্বিতীয় চুনারুঘাট সাটিয়াজুরী স্বাস্থ্যকেন্দ্র
নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) সেবায় জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় স্থান অর্জন করেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গত অক্টোবর মাসে কেন্দ্রটিতে ১৪৫টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। এ অর্জনে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে দেশের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর মধ্যে নরমাল ডেলিভারি সেবার পরিসংখ্যানে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাটিয়াজুরী কেন্দ্র। সীমিত জনবল, ওষুধের অপ্রতুলতা ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার মধ্যেও এত বিপুলসংখ্যক নিরাপদ স্বাভাবিক প্রসব সম্পন্ন করাকে বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সাটিয়াজুরী ইউনিয়নসহ আশপাশের এলাকার অসহায় দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, স্বাভাবিক প্রসব, প্রসব-পরবর্তী সেবা এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। স্থানীয় পর্যায়ে সহজে ও স্বল্প খরচে প্রসবসেবা পাওয়ায় অনেক গর্ভবতী মা এ কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে উঠেছেন।
সংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), মিডওয়াইফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে পরিবার কল্যাণ সহকারীরা গর্ভবতী মায়েদের শনাক্ত, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রে এসে নিরাপদ প্রসবে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনাও এ অর্জনে সহায়ক হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সাফল্যের পাশাপাশি রয়েছে নানা সীমাবদ্ধতাও।
সংশ্লিষ্টদের দাবি, সরকারি ওষুধ ও পরিবার পরিকল্পনা সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং অবকাঠামোগত সমস্যার মধ্যেই সেবার কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও উপকরণ নিশ্চিত করা গেলে সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব। তাঁদের মতে, দেশের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পর্যাপ্ত জনবল, দক্ষ মিডওয়াইফ, প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক প্রসবসুবিধা নিশ্চিত করা গেলে গ্রামীণ পর্যায়ে নিরাপদ মাতৃত্বসেবা আরও সম্প্রসারিত হবে। এতে হাসপাতালে অপ্রয়োজনীয় চাপ কমার পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ স্বাভাবিক প্রসবের সুযোগ বাড়বে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকে কেন্দ্রটির জন্য বড় স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ অর্জন ভবিষ্যতে আরও ভালো সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করবে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মুসলিম উদ্দিন বলেন, জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছি। এ অর্জন আমাদের আরও উৎসাহিত করবে। ভবিষ্যতেও নিরাপদ মাতৃত্ব ও স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যেতে চাই।







