আব্দুল নাসের খান
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান বলেছেন, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার। প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। সেজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তাসহ সকল ভোগান্তি দূর করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন বিভিন্ন দিক পর্যালোচনা করে ১০৩ জনকে সম্মাননা প্রদান করেছে।







