শনিবার গোলাপগঞ্জের যে সকল এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (১৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছপালা কর্তনের কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
পল্লীবিদ্যুতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিয়ানীবাজার গ্রিড (চারখাই) এর আওতাধীন গোলাপগঞ্জ ৩৩ কেভি লাইনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ চলবে। এ সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— ফুলবাড়ি ইউনিয়ন, গোলাপগঞ্জ পৌরসভা এলাকা, লক্ষীপাশা (আংশিক), ঢাকা দক্ষিণ (আংশিক), বাঘা (আংশিক), লক্ষণাবন্দ এবং ভাদেশ্বর ইউনিয়নের আংশিক এলাকা।
পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের নিরাপত্তা ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সাময়িক ভোগান্তির কথা উল্লেখ করলেও অনেকেই ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার স্বার্থে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।







