সিলেটে ছাত্রলীগ নেতা রাজুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি, বাসায় হামলা
সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মধুবন সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাজুসহ ১০৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট আমলে নিয়ে বিজ্ঞ আদালত আসামী রাজুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
আদালতের নির্দেশনা বাস্তবায়নে ও পরোয়ানা তামিল নিশ্চিত করতে স্থানীয় ওসমানীনগর ও কোতোয়ালী থানা পুলিশ যৌথভাবে রাজুর কাদিপুরস্থ বাসভবনে ঝাটিকা ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পুলিশ সদস্যরা সম্পূর্ণ বাড়ি তল্লাশি করেন এবং আসামী না থাকায় তাঁর মায়ের মুখোমুখি হয়ে সার্বিক বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পাদন করেন। তবে এই আইনি প্রক্রিয়ার মধ্যেই অন্য এক আতঙ্কের মুখোমুখি হয়েছে রাজুর পরিবার। অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্ট সরকারের পতনের পর সারাদেশে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসৎ ও সুযোগসন্ধানী দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় রাজুর কাদিপুরস্থ বাসভবনে অনাধিকার প্রবেশ করে তাণ্ডব চালায়। হামলাকারীরা ঘরের জানালার কাঁচ ভাঙচুর করে ভেতরে ভীতির সৃষ্টি করে এবং বয়োবৃদ্ধ স্বজনদের প্রাণনাশের চরম হুমকি প্রদান করে।
এদিকে বিজ্ঞ আদালতের ইস্যুকৃত বিস্ফোরক ও মারামারি মামলার গ্রেফতারী পরোয়ানা কার্যকর করতে নিয়মিত পুলিশি তল্লাশি এবং অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ ও দুর্বৃত্তদের সশস্ত্র হামলা-হুমকি এই দ্বিমুখী সঙ্কটে আসামী দেলোয়ার হোসেন রাজুর পরিবার এখন তীব্র আতঙ্ক ও মানবিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।








