স্মৃতিতে অম্লান ভক্তিচারু স্বামী
১৭ সেপ্টেম্বর। বৈষ্ণব সমাজের কাছে দিনটি গভীর শ্রদ্ধা ও স্মরণের। ১৯৪৫ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ। তাঁর জীবন ছিল আধ্যাত্মিক সাধনা, শাস্ত্রচর্চা, কৃষ্ণভাবনামৃতের প্রচার এবং মানুষের কল্যাণে নিবেদিত। প্রতিবছর তাঁর আবির্ভাব তিথি ভক্তদের মনে তাঁর স্নেহ, শিক্ষা, আদর্শ ও কর্মময় জীবনের স্মৃতি নতুন করে জাগিয়ে তোলে।
একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বের পরিচয় শুধু তাঁর পদবি কিংবা সাংগঠনিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাঁর জীবনযাপন, মানুষের প্রতি ভালোবাসা, নিজের বিশ্বাস ও আদর্শের প্রতি নিষ্ঠা এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া মূল্যবোধই তাঁকে মানুষের হৃদয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের জীবনেও এসব গুণের গভীর প্রকাশ দেখা যায়।
উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানিতে অবস্থানকালে তাঁর জীবনে বৈদিক দর্শনের সঙ্গে পরিচয় ঘটে। সেই পরিচয় ধীরে ধীরে তাঁকে আধ্যাত্মিক অনুসন্ধানের পথে নিয়ে যায়। পরে তিনি শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সান্নিধ্যে আসেন। সেখান থেকেই তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
শ্রীল প্রভুপাদের প্রতি তাঁর ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। গুরুদেবের জীবন, শিক্ষা ও বাণী মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিজেকে নিয়োজিত করেন। বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে কৃষ্ণভাবনামৃতের দর্শন ও বৈষ্ণব সাহিত্যের বিভিন্ন বিষয় সহজভাবে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয়।
বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনার কাজের মাধ্যমে তিনি অনেক মানুষের কাছে বৈষ্ণব দর্শনের বিষয়গুলো পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেন। শ্রীল প্রভুপাদের জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত ‘অভয়চরণ’ ধারাবাহিকের মাধ্যমে তিনি শুধু একজন আধ্যাত্মিক নেতার জীবন তুলে ধরেননি, বরং তাঁর গুরুদেবের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিজের দায়িত্ববোধও প্রকাশ করেছেন।
ভক্তিচারু স্বামী মহারাজের ব্যক্তিত্বের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তাঁর স্নেহময়তা। যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছেন, তাঁদের অনেকের স্মৃতিতে তিনি শুধু একজন আধ্যাত্মিক নেতা বা সংগঠক নন, একজন আপনজন হিসেবেও রয়ে গেছেন। তাঁর কথাবলার ধরন, ভক্তদের প্রতি আন্তরিকতা এবং আধ্যাত্মিক জীবনের পথে উৎসাহ দেওয়ার ক্ষমতা অনেকের জীবনেই গভীর প্রভাব ফেলেছে।
তিনি মনে করতেন, আধ্যাত্মিক জীবন শুধু ব্যক্তিগত সাধনার বিষয় নয়; মানুষের কল্যাণের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তাই ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগেও তাঁর সম্পৃক্ততা ছিল।
২০২০ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিনি দেহত্যাগ করেন। আজ তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। কিন্তু একজন আধ্যাত্মিক শিক্ষকের জীবন তাঁর শারীরিক উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাঁর শিক্ষা, রচনা, কর্ম ও আদর্শের মধ্য দিয়ে তিনি পরবর্তী প্রজন্মের মানুষের কাছে বেঁচে থাকেন।
তাঁর আবির্ভাব তিথিতে তাঁকে স্মরণ করা তাই শুধু অতীতের একজন মহারাজকে স্মরণ করা নয়; তাঁর জীবন থেকে নিজের জীবনেও কিছু শেখার সুযোগ তৈরি করা। মানুষের প্রতি ভালোবাসা, নিজের আদর্শের প্রতি নিষ্ঠা, জ্ঞানকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের কল্যাণে নিজেকে যুক্ত করার শিক্ষা তাঁর জীবন থেকে পাওয়া যায়।
সিলেটের ইসকন মন্দিরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা তাঁর আবির্ভাব তিথি নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালন করছেন। কীর্তন, মহা-অভিষেক, মহিমা কীর্তন ও মহাপ্রসাদের আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা স্মরণ করছেন তাঁদের প্রিয় মহারাজকে।
সিলেটের বৃষ্টিও সেদিন ভক্তদের পদচারণা থামাতে পারেনি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁদের মন্দিরমুখী হওয়া যেন প্রকাশ করে—প্রিয় একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কতটা গভীর হতে পারে।
শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের আবির্ভাব তিথিতে তাই একটি কথাই মনে পড়ে—মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু তাঁর ভালো কাজ, শিক্ষা ও আদর্শ থেকে যায়। ভক্তিচারু স্বামী মহারাজের রেখে যাওয়া শিক্ষা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মকে আলোকিত করুক—আবির্ভাব তিথিতে এটাই। হতে পারে আমাদের প্রার্থনা।
সিদ্ধ মাধব দাস
সহকারী পরিচালক, যোগাযোগ বিভাগ, ইসকন সিলেট।







