উঠান কর্মশালা ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসাড়া
লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত ‘উঠান কর্মশালা’য় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক আগ্রহ-উৎসাহ লক্ষ্য করা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ ‘উঠান কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।
কর্মশালায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাব্য ঝুঁকি এবং এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে গ্রুপ ডিসকাশনে অংশ নেন। পরে তারা লিখিতভাবে স্থানীয় সমস্যাগুলো ও সমাধানের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
এ কর্মশালার মাধ্যমে পুলিশ সরাসরি স্থানীয় মানুষের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য জানতে পারে। একই সঙ্গে স্থানীয় অপরাধ পরিস্থিতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়, যা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।
কর্মশালায় স্থানীয় জনসাধারণ দাঙ্গা, মাদক, জুয়া, চুরিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। স্থানীয় নেতৃবৃন্দও এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
স্থানীয় মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ, মতামত ও সমস্যা চিহ্নিত করার এই অভিনব উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
জনগণের কথা শুনে, জনগণকে সঙ্গে নিয়ে—অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় জনবান্ধব পুলিশিংয়ের এই পথচলা অব্যাহত থাকবে।







