ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এমসি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ: অভিযুক্তদের ফাঁসির দাবি

দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে।
রবিবার (৯ মার্চ) জোহরের নামাজের পর সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সোমবার (১০ মার্চ) এমসি কলেজের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা-উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারই প্রতিফলন দেখা গেছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে।
সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল:
এমসি কলেজের প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে? আছিয়া আছিয়া’, ‘দড়ি লাগলে দড়ি নে,ধর্ষকদের ফাসি দে’, ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ‘দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রতিনিধি ইসমাইল খান সৌরভ, জওহর লোকমান মুসান্না, পারভেজ আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সরকারকে দ্রুত নারী নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ এছাড়াও, এমসি কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ছাত্রদলের মানববন্ধন:
সোমবার (১০ মার্চ) এমসি কলেজের প্রধান ফটকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাইমিনুল হক তপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সামি (আজহারুল ইসলাম), যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন, সদস্য জাকির চৌধুরী।
এসময় বক্তরা বলেন, বাংলাদেশে যে অব্যাহত ধর্ষণ,নারীদের প্রতি নিপীড়ন, এই সব ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। তা নাহলে বাংলাদেশ ছাত্রদল তীব্র আন্দোলন গড়ে তুলবে। এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদল নেতা শুভন আবিদ, আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, হাবিবুর রহমান নাঈম, মহসিন আহমদ জায়ান, তৈয়বুর রহমান আবির, মোস্তাক আহমদ শাকিল, রনি পাল, খুরশেদ আহমদ, কিবরিয়া আহমদ সামি, আব্দুল করিম কিবরিয়া, তৌহিদ আহমদ, সেলিম উদ্দিন, সোহাগ আলম, আবিদুর রহমান আবিদ, সজিব পাল, ইস্তিয়াক উদ্দিন জামি, ফাহমিদ উদ্দিন, হাবিব আহমদ, মারজান আহমেদ, সায়হান আহমদ, জাকির হোসাইন, সাকিব আহমদ, আব্দুল্লাহ আল নাহিদ প্রমুখ।







